প্রবন্ধ রচনা - বইমেলা

 প্রবন্ধ রচনা - বইমেলা 

প্রবন্ধ রচনা - বইমেলা

       আধুনিক সভ্যজগতের শিক্ষা ও সংস্কৃতি চেতনার অন্যতম প্রমাণপত্র 'বইমেলা'। বর্তমানে এই 'বইমেলা' শিক্ষা সচেতন মানুষের মধ্যে একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে । একদা একটি মেলাকে কেন্দ্র করে বাংলার নবজাগরণ দেখা দিয়েছিল । সেটি নবগোপাল মিত্র মহাশয়ের 'হিন্দুমেলা'। বর্তমানে 'বইমেলা'কে কেন্দ্র করেও বলা যায় একটা জাগরণ দেখা দিয়েছে শহরে, নগরে, গ্রামে-গঞ্জে । দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পৃথিবীর যেখানে যত বড়ো মেলা অনুষ্ঠিত হয়েছে, তার প্রত্যেকটিতে বইয়ের একটি বিভাগ খোলা হয়েছিল । জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই হল একটি বড়ো মাধ্যম । তাই ইংলন্ড, আমেরিকা, জার্মানী প্রভৃতি স্থানে প্রতি বৎসর বৃহৎ জাতীয় মেলার অঙ্গ-স্বরূপ বইয়ের প্রদর্শনী বসে । পৃথিবীর মধ্যে ফ্রাঙ্কফুটে স্থায়ী বইমেলা সর্বাপেক্ষা বৃহৎ । বই হল মনুষ্যত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম । বই না পড়লে মর্যাদাবোধ জন্মায় না । শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হল বই । বই হল বিশ্বাসযোগ্য আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে । বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিছু নেই । বইয়ের সান্নিধ্যে এলে শূন্য মুহূর্ত পূর্ণতাপ্রাপ্ত হয় । অজানাকে জানার চাহিদা মেটাতে পারে বই । শিশু-কিশোরের কাছে বই দিদর্শনের কাজ করে । বয়স্ক মানুষ তার নিঃসঙ্গতা দূর করে বই পড়ে । অনুসন্ধিৎসু মানুষের রসতৃষ্ণা মেটানোর জন্য বইমেলার প্রয়োজন । তবে বইমেলা সাধারণভাবে অনুষ্ঠিত রথের মেলা, গাজন মেলা, জয়দেবের মেলা প্রভৃতি মূলত ধর্মীয় মেলাগুলি থেকে একটু স্বতন্ত্র । এটা বইপ্রেমী মানুষের মিলনতীর্থ ।

                      মেলা একটি মিলন কেন্দ্র । বইকে কেন্দ্র করে বইমেলা প্রাঙ্গণে এক হৃদ্য পরিবেশে সামাজিক মেলবন্ধন গড়ে উঠতে দেখা যায় । বইমেলায় প্রকাশক এবং পুস্তক বিক্রেতারা বিশ্বের নানা প্রান্তের নানা বিষয়ের বই এনে বিভিন্ন রুচির মানুষের সামনে হাজির করেন । সাধ আছে সাধ্য নেই, এমন বইপ্রেমী মানুষ বইমেলায় এসে বিভিন্ন বইয়ের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পেয়ে যায় । এতে জ্ঞানের ভান্ডার যেমন সমৃদ্ধ হয়, তেমনি বিশ্বের নানা প্রান্তে মানস পরিভ্রমণেরও সুযোগ পাওয়া যায় । বইমেলা জ্ঞানের অসীম ভান্ডারকে আমাদের সামনে উন্মুক্ত করে দেয় । প্রবাদ আছে 'সৎসঙ্গে স্বর্গবাস' । বই পড়তে যাঁরা অভ্যস্ত নন, নিছক খেয়ালের বশে বইমেলা ঘুরতে এসে বই কেনায় এবং পড়ায় তাঁরাও উৎসাহ বোধ করেন । বইমেলায় পাঠক বিপুল সংখ্যক বইয়ের সান্নিধ্যে এসে যেমন আনন্দ পায়, তেমনি প্রকাশক ও বিক্রেতারা বাণিজ্য করার সুযোগে সামগ্রিকভাবে লাভবান হয় । ছোটো বড়ো সব প্রকাশক এবং বিক্রেতারা বইপ্রেমীদের মতোই বইমেলায় অতিমাত্রায় উৎসাহী ।

             পৃথিবীর সব দেশেই এখন বইমেলা বসে । ভারতের বিভিন্ন রাজ্যেও বইমেলার আয়োজন হয় সরকারি বা বেসরকারি উদ্যোগে । কলকাতার বইমেলা আন্তর্জাতিক স্তরে উন্নীত হয়েছে । বিশ্বের বড়ো বড়ো দেশ এই মেলায় অংশগ্রহণ করে থাকে । সরকারি উদ্যোগে 'পশ্চিমবঙ্গ গ্রন্থমেলা' অনুষ্ঠিত হয় । এছাড়া পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সাত/দশ দিনের বইমেলা হয় । এই উপলক্ষ্যে প্রতিদিন বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে । বইমেলার এসব অনুষ্ঠানে পাঠক তাদের প্রিয় সাহিত্যিকদের চাক্ষুষও করতে পারেন । প্রিয় লেখকদের 'অটোগ্রাফ' নেওয়ার জন্য কিশোর - কিশোরীদের মধ্যে প্রবল উৎসাহ লক্ষ করা যায় । বইমেলায় আর একটি বড়ো আকর্ষণ হল বইমেলায় আনীত সমস্ত বইয়ের প্রদর্শনী । তাছাড়া প্রাচীন লেখকদের পান্ডুলিপি প্রদর্শনের ব্যবস্থাও করা হয় । আমাদের কলকাতার বইমেলা প্রায় দু'যুগ ধরে চলে আসছে । বই পড়তে উৎসাহ দেওয়ার পক্ষে এই মেলার ভূমিকা ভোলার নয় । বইমেলায় এসে বই সংগ্রহের মধ্য দিয়ে মানুষ আনন্দকেই সংগ্রহ করে । রবীন্দ্রনাথ বলেছেন, "মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে ।" ভিক্টর হুগো বলেছেন, "বই বিশ্বাসের অঙ্গ, বই সভ্যতা টিকিয়ে রাখার জ্ঞান দান করে । অতএব বই হচ্ছে সভ্যতার রক্ষাকবচ ।” সুখে-দুঃখে, সুন্দরে-অসুন্দরে, ভালো-মন্দে মানুষের জীবন । এক-একটা বই যেন এক-একটা জীবনের চলমান প্রতিবিম্ব । অনন্ত মানুষের অফুরন্ত জীবন নিয়েই মানুষের পরিপূর্ণ মহাজীবন । সেই মহাজীবনের মেলা 'বইমেলা'। বইকে সার্বজনীন করার জন্য বইমেলার গুরুত্ব অপরিসীম । বইমেলা যেন মিছিল করা ছন্দে বাঁধা এক চলচ্চিত্র । নানা শ্রেণির পাঠকের মানসিক খাদ্যের যোগানদার হল এই বইমেলা । বইমেলায় প্রকাশিত হয় প্রচুর লিটল্ ম্যাগাজিন । সেগুলো বইমেলার দৌলতে সরাসরি পাঠকের কাছে পৌঁছতে পারেন । বইমেলা তাই মানুষের সংস্কৃতি চিন্তার লীলাখেলা । এ এক রীতিমতো উৎসব । বইকে ভালোবাসার আনন্দ সংগীত ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার Answer Key

প্রবন্ধ রচনা - সাম্প্রদায়িকতা ও ছাত্রসমাজ

আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - ক্লাস 1