প্রবন্ধ রচনা - তোমার জীবনের লক্ষ্য

 প্রবন্ধ রচনা - তোমার জীবনের লক্ষ্য

   

প্রবন্ধ রচনা - তোমার জীবনের লক্ষ্য

        লক্ষ্যহীন জীবন, হালবিহীন জাহাজ, কাণ্ডারীহীন তরণী । জীবনে সফলতার দ্বারে পৌঁছোতে হলে শৈশব থেকেই একটা লক্ষ্য থাকা দরকার । তাই, লক্ষ্য হল মানুষের জীবনে ধ্রুবতারা । যার জীবনে লক্ষ্য নেই, সে বিশৃঙ্খলার মধ্যে পড়ে, পরিণামে পায় ব্যর্থতার অশ্রু । ইংরেজ কবি মিলটন তাই বলেছেন-আকাঙ্খা বা লক্ষ্যই মানুষকে মহৎ প্রচেষ্ঠায় অনুপ্রাণিত করে, সক্রিয় করে তোলে । স্বামী বিবেকানন্দ বলেছেন - "Who sows must reap" লক্ষ্য তাই জীবনে একরকম বীজবপন করা, 'ফসল তোলা' হল জীবনের সাফল্য ।

      নানা মুনির নানা মত। মানুষের রুচি, প্রকৃতি ও যোগ্যতা অনুযায়ী লক্ষ্য ভিন্ন ভিন্ন । কেউ চায় ইঞ্জিনিয়ার হতে, জীবনের বিভিন্ন লক্ষ্য কেউ চায় চিকিৎসক হতে, কেউ বা শিক্ষক । কেউ চায় জীবনে ধনসম্পদ, কেউ চায় যশ খ্যাতি মান । জাতিগত বৃত্তির যুগ উঠে গেছে । এসেছে কর্ম নির্দেশক শিক্ষা । তাই আগে থেকে ঠিক করে নিতে হবে- 'আমি কি হতে চাই।' এক্ষেত্রে আমার 'নেশা' ও 'পেশা' যদি গাঁটছড়া বাঁধে, তাহলে মনের সন্তোষ বাড়ে ।

               আমি একজন মাধ্যমিক পরীক্ষার্থী । সবে সতেরোয় পা দিয়েছি । তাই, আমার জ্ঞান ও অভিজ্ঞতা সীমিত, দৃষ্টিভঙ্গিও ব্যাপক নয় । এ সময়ে সঠিক লক্ষ্য ঠিক করা আমার পক্ষে সম্ভব নয় । এ ব্যাপারে আমার বাবা মা আমার উপরে কিছু চাপিয়ে দিতে চান না । তাই, অনেক চিন্তাভাবনা করে আমি আমার দক্ষতা ও যোগ্যতার ওপর দাঁড়িয়ে মনে মনে ঠিক করেছি আমি কম্পিউটারের স্বাধীন ব্যবসায়ে নিজেকে নিয়োজিত করব । এই স্বাধীন জীবিকাই আমার জীবনের লক্ষ্য, আমার স্বপ্ন ।

           পেশা নির্বাচনের ক্ষেত্রে স্বাধীন ও অধীন, এই দুটি পছন্দের ধারা চলে আসছে । আমি কলকারখানায়, অফিস-আদালতে, ব্যবসায়ী প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করে কোনো কর্তৃপক্ষের অধীন পেশা গ্রহণ করতে চাই না । আইনজ্ঞ বা ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা অন্য কোনো পেশাও আমার তেমন পছন্দ নয় । যুগের চাহিদার সঙ্গে পা মিলিয়ে চলবার জন্য গতানুগতিক পেশা পরিহার করে আমি কম্পিউটারের স্বাধীন ব্যবসায়ে নিজেকে নিয়োজিত করতে চাই । এই স্বাধীন জীবিকাই আমার জীবনের লক্ষ্য, আমার স্বপ্ন ।

              আমার এই লক্ষ্য নির্দিষ্ট করবার পেছনে একাধিক কারণ বর্তমান । আমি মনে করি, একটা সুষ্ঠু সমাজ বা দেশ গঠনে প্রয়োজন হচ্ছে বিভিন্ন বৃত্তিজীবী মানুষের সমন্বয় এবং সেই গঠনের লক্ষ্য পূরণে স্বাধীন ব্যবসায়ীরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । দ্বিতীয়ত, একটা স্বাধীন ব্যবসায়ের মধ্যে নিজস্ব পরিকল্পনা বাস্তবায়িত করবার আন্তরিক প্রয়াসের মধ্যে রয়েছে এক গভীর আনন্দের উপলব্ধি । এছাড়া, ব্যাবসা শিল্প-সংস্কৃতির অঙ্গও বটে । তবে সর্বোপরি যে কারণের জন্য আমি কম্পিউটার ব্যাবসা পছন্দ করেছি, তা হচ্ছে-যুগের চাহিদা । আমি লক্ষ্য করে দেখেছি, আধুনিক বিজ্ঞানের এই নবতম বিস্ময়কর আবিষ্কার-ইলেকট্রনিক যন্ত্রগণক আমূল পরিবর্তন এনে দিয়েছে আমাদের সভ্যতার ইতিহাসে । আধুনিক জীবনের এমন কোনো ক্ষেত্র নেই যেখানে কম্পিউটারের প্রয়োগ নেই । আমাদের ভারতবর্ষেও এর ব্যবহার জীবনের বিভিন্ন দিকে উত্তরোত্তর বেড়ে চলেছে । কেন্দ্রীয় সরকারও কম্পিউটার সাক্ষরতা এবং শিক্ষা প্রতিষ্ঠানে এর পঠন কর্মসূচি গ্রহণ করেছে । তাই স্বাধীনভাবে অর্থোপার্জন এবং যুগের চাহিদার দিকে লক্ষ্য রেখেই আমি এই পেশা নির্বাচন করেছি ।

               এই সুনির্দিষ্ট লক্ষ্য পূরণে আমার একটি নির্দিষ্ট পরিকল্পনাও রয়েছে । মাধ্যমিক পাস করবার পর উচ্চতর মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান নিয়ে পড়তে আমি মনস্থ করেছি । উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আমি কম্পিউটার বিজ্ঞানে অনার্সসহ বিজ্ঞানে স্নাতক হবার পর ওই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবার চেষ্টা করব । তারপরেই আমি স্বাধীনভাবে Computer Business-এ আত্মনিয়োগ করব । এটাই হবে আমার জীবনের সুচিন্তিত লক্ষ্য বা উদ্দেশ্য । স্বাধীন ব্যাবসার মাধ্যমে প্রচুর অর্থ উপার্জন করে আমি ভোগবিলাসে জীবন কাটাতে চাই না। Golden Touch গল্প, রবীন্দ্রনাথের 'গুপ্তধন' পড়ে শিখেছি-ধনতৃষ্ণায় সুখ নেই, সুখ ত্যাগের দীক্ষায় এবং

মানবসেবায় । তাই ভেবেছি, আমি কম্পিউটার ব্যাবসা করে দেশের মানুষকে এ বিষয়ে সচেতন করে তুলব, দেশকে উন্নত করব।

                  আমার জীবনের লক্ষ্যের কথা শুনে অনেকে হয়তো উপহাস করবেন । আমাকে সমর্থন করবেন না । কিন্তু, আমি জানি Man is the architect of his Fortune. যদি অধ্যবসায়, উদ্যম ও নিষ্ঠা যথাযথ থাকে, তাহলে উপসংহারে মানুষ যে-কোনো পেশাতেই জীবনে উন্নতি করতে পারে । দেশ সেবার আদর্শ নিয়ে কম্পিউটারের ব্যবসা করতে চাই । এটাই আমার লক্ষ্য, এটাই আমার স্বপ্ন । যে যা বলে বলুক অমি মনে করি - 'The Best woship is stout working' । বলিষ্ঠ ও অটলভাবে কাজ করাই শ্রেষ্ট পূজা । যদি আমি লক্ষ্যে পৌঁছাই-তবে আমি কম্পিউটার ব্যাবসা করে দেশের সেবা করব ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার Answer Key

প্রবন্ধ রচনা - সাম্প্রদায়িকতা ও ছাত্রসমাজ

আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - ক্লাস 1