'হারুন সালেমের মাসি' গল্প অনুসরণ করে গৌরবির মাতৃরূপের পরিচয় দাও ।

 প্রশ্ন:- 'হারুন সালেমের মাসি' গল্প অনুসরণ করে গৌরবির মাতৃরূপের পরিচয় দাও ।

অথবা

মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কীভাবে অর্থহীন হয়ে যায়, 'হারুন সালেমের মাসি' গল্পটি থেকে তার পরিচয় দাও।


উত্তর:- মহাশ্বেতা দেবীর 'হারুন সালেমের মাসি' গল্পে জাতপাতের ঊর্ধ্বে মাতৃত্বকে বড়ো করে দেখিয়েছেন এবং সেই মাতৃত্বের গৌরবে উজ্জ্বল একটি চরিত্র হল গৌরবি-যার মধ্যে গৌরব করার মতো রূপ হয়তো নেই, কিন্তু তার হৃদয় আছে, মনুষ্যত্ব আছে, আর আছে জীবনসংগ্রামে টিকে থাকার মানসিকতা ।

          শারীরিক দিক থেকে সে অক্ষম, খোঁড়া - নিজের ছেলেমেয়েদের কাছে উপেক্ষিতা । তার একটি ছেলে আছে, -তার অবস্থা বেশ ভালো, কিন্তু সে তার মাকে দেখে না । মেয়ে আছে গৌরবির, তবে সে মেয়ে এখন দরিদ্র, তাই সেখানেও গৌরবির ঠাঁই হয়নি ।

          গৌরবি জলাজঙ্গল থেকে শাকপাতা তুলে এনে তা যশোদার মাধ্যমে বিক্রি করে নিজের পেট চালায় । এহেন গৌরবির দুঃখ-লাঞ্ছিত নিঃসঙ্গ জীবনে হঠাৎ মা-হারা এক অসহায় মুসলমান শিশু হারান ওরফে হারা এসে গোলমাল পাকিয়ে তুলল ।

             মা-কে হারিয়ে সে গৌরবিকেই চেপে ধরল, তাকে মাসি বলে ডাকতে থাকল । এই পর্যায় থেকে গৌরবি ধীরে ধীরে হারুন সালেমের মাসি এবং শেষে মাসি থেকে মা হয়ে গেল ।

              'হারুন সালেমের মাসি' গল্পে দেখা গেল, মাতৃত্বের কাছে কোনো জাতপাত নেই । কোনো শর্তেই বাপ-মা-হারা হারাকে দূর করে দিতে পারল না গৌরবি, -হারাকে সে আশ্রয় দিয়ে ফেলল মায়ের স্নেহভালোবাসার পরম এক স্নিগ্ধচ্ছায়ায় ।

             শেষপর্যন্ত গৌরবি ঠিক করে, হারাকে নিয়ে সে শহরে চলে যাবে । সে বুঝতে পারে হারাকে ছেড়ে সে বাঁচবে না, কারণ তার মধ্যে যে মাতৃত্ব জেগে উঠেছে, কোনো কিছুর জন্যই তাকে ছাড়তে প্রস্তুত নয় সে ।

              গৌরবি নিজের মতো করে মনে মনে একটি মতলব ভাঁজল, হারাকে সঙ্গে নিয়ে সে শহরের জনসমুদ্রে মিশে যাবে । একবার সেখানে মিশে যেতে পারলে জাতধর্মের কোনো বালাই থাকবে না তার । যদি ভিক্ষা করতে হয়, -সে হারার সঙ্গে ভিক্ষা করবে, যদি ফুটপাতে শুতে হয়, তা সে হারার সঙ্গেই শোবে । মাতৃত্বের স্নেহাঞ্চল দিয়ে প্রাণপণে সে হারাকে রক্ষা করবে ।

              হারাকে সঙ্গে নিয়ে তার এতদিনের পরিচিতি সমাজ, নিজের ঘর, সন্তানদের আকর্ষণ -সবকিছুকে ত্যাগ করে রাতের অন্ধকারে শহরের উদ্দেশ্যে পাড়ি দেয় গৌরবি ।

              নিজের এই ভূমিকায় মুহূর্তে গৌরবি অসাধারণ হয়ে ওঠে । মাতৃত্বকে সবার ওপরে স্থান দিয়ে, জাতপাতের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে শহরের অজানা জীবনে পাড়ি দেওয়ার মধ্য দিয়ে গৌরবি হয়ে যায় অনন্যসাধারণ । এই কারণেই মাতৃরূপিনী গৌরবি অবিস্মরণীয় হয়ে উঠল 'হাবুন সালেমের মাসি' হিসেবে । 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার Answer Key

প্রবন্ধ রচনা - সাম্প্রদায়িকতা ও ছাত্রসমাজ

আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - ক্লাস 1